ইরানের সরকার ‘মারাত্মকভাবে বিভক্ত’ হয়ে পড়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একটি ‘একীভূত’ প্রস্তাব নিয়ে আসার সুযোগ দিতে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সময় তিনি ইরান সরকারকে এভাবেই বর্ণনা করেন।
হোয়াইট হাউসের দাবি, পাকিস্তানে নির্ধারিত দ্বিতীয় দফার শান্তি আলোচনায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সামনে ইরানের প্রতিনিধি না আসাই প্রমাণ করে, দেশটির নেতৃত্ব কতটা অসংলগ্ন হয়ে পড়েছে।
তবে ইরানি পর্যবেক্ষকদের মত ভিন্ন। ইরান শুরু থেকে জোর দিয়ে বলছে, আলোচনা শুরু করার আগে তাদের বন্দরগুলোর ওপর থেকে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ তুলে নিতে হবে।
অনেক বিশ্লেষকের মতে, ইরানের নেতৃত্ব প্রকৃতপক্ষে ট্রাম্পের বর্ণনার চেয়ে অনেক বেশি ঐক্যবদ্ধ।
যুদ্ধের আগের তুলনায় ইরানের বিভিন্ন পক্ষ এখন অনেক বেশি একসারিতে রয়েছে। কারণ, এখন সিদ্ধান্ত নেওয়ার পরিধি বা সার্কেল অনেক ছোট। আয়াতুল্লাহ খামেনির সময়কার বিধিনিষেধের তুলনায় এখন ছোট দলটি যুদ্ধকৌশলের বিষয়ে অনেক বেশি ঐক্যবদ্ধ
কাতার জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের সরকারবিষয়ক অধ্যাপক মেহরাত কামরাভা সিএনএনকে বলেন, ‘আমি মনে করি, ইরানের নেতৃত্বকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। এ যুদ্ধ পরিচালনা ও আলোচনার ধরনেই স্পষ্ট যে তারা যথেষ্ট ঐক্যবদ্ধ।’
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যখন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ শীর্ষস্থানীয় সামরিক ও রাজনৈতিক নেতাদের বড় অংশকে সরিয়ে দিয়েছে, তখন থেকে দেশটির শাসনব্যবস্থা অনেক বেশি জটিল হয়ে পড়েছে। এখন একসময়ের প্রতিদ্বন্দ্বী কর্মকর্তারা অস্তিত্ব রক্ষার এ যুদ্ধে রাজনৈতিক মতভেদ ভুলে দেশের ভবিষ্যৎ নির্ধারণ করছেন। বিশেষ করে চূড়ান্ত সিদ্ধান্তদাতা মোজতবা খামেনির (যিনি তাঁর বাবার উত্তরসূরি হয়েছেন) অনুপস্থিতিতে (সশরীর উপস্থিতির বিপরীতে) এই কর্মকর্তাদের গুরুত্ব বেড়েছে।
এই কর্মকর্তাদের এখন একটি কঠিন ভারসাম্য বজায় রাখতে হচ্ছে। একদিকে রয়েছে ট্রাম্পের ‘বিজয় ঘোষণা’ করার চাপ, অন্যদিকে ইরানের অভ্যন্তরে থাকা কট্টরপন্থী গোষ্ঠীগুলো। তারা কোনোভাবেই পরাজয় মেনে নিতে রাজি নয়।
তবে রাজনৈতিক মতভেদ থাকলেও বিশেষজ্ঞরা বলছেন, এই কর্মকর্তারা জনসমক্ষে নিজেদের ঐক্যবদ্ধ হিসেবেই তুলে ধরতে দৃঢ়প্রতিজ্ঞ।
ম্যাসাচুসেটসের কুইন্সি ইনস্টিটিউটের নির্বাহী সহসভাপতি ত্রিতা পারসি সিএনএনকে বলেন, ‘যুদ্ধের আগের তুলনায় ইরানের বিভিন্ন পক্ষ এখন অনেক বেশি একসারিতে রয়েছে। কারণ, এখন সিদ্ধান্ত নেওয়ার পরিধি বা সার্কেল অনেক ছোট। আয়াতুল্লাহ খামেনির সময়কার বিধিনিষেধের তুলনায় এখন ছোট দলটি যুদ্ধকৌশলের বিষয়ে অনেক বেশি ঐক্যবদ্ধ।’
চলতি সপ্তাহে ইসলামাবাদে আলোচনায় বসা নিয়ে নানা গুঞ্জনের মধ্যেও তেহরান তাদের অবস্থানে অনড় ছিল যে তাদের প্রতিনিধিরা আলোচনায় অংশ নেবেন না। তারা উল্টো ওয়াশিংটনের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘন ও সংকটের কূটনৈতিক সমাধানের ক্ষেত্রে ‘গভীরতার অভাব’ থাকার অভিযোগ তুলেছে। এমনকি যুদ্ধের আগে খামেনির সময়কার যে ‘রেড লাইন’ বা সীমারেখা ছিল, যেমন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, ক্ষেপণাস্ত্রের উন্নয়ন এবং ইরানি প্রক্সি গোষ্ঠীগুলোকে সমর্থন—এসব বিষয়েও বর্তমান ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনা বজায় রেখেছে ইরান।
ইরানের রাজনৈতিক নেতৃত্ব নিজেদের মধ্যে কোনো বিভক্তির খবরকে পাত্তা দিতে রাজি নয়। তারা বারবার নিজেদের সামরিক ও কূটনৈতিক কৌশলের ঐক্যবদ্ধ রূপ তুলে ধরছে। গত বুধবার ইরানের প্রেসিডেন্টের উপমুখপাত্র মেহেদী তাবাতাবাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘শীর্ষ নেতাদের বিভক্তি নিয়ে কথা বলা প্রতিপক্ষের একটি পুরোনো রাজনৈতিক চাল ও প্রোপাগান্ডা। বর্তমান সময়ে রণক্ষেত্র, সাধারণ জনগণ এবং কূটনীতিকদের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছে, তা নজিরবিহীন ও উল্লেখযোগ্য।’




.jpg)
.jpg)



.jpg)